ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস, আইন নিজের হাতে না নেওয়ার কঠোর সতর্কতা
ছাতক উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামে সাম্প্রতিক ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোম্যাসি চাকমা। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে তিনি সরেজমিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে ভাঙচুরের শিকার পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। জানা যায়, তারা বর্তমানে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন এবং একজন জেল হাজতে রয়েছেন। ইউএনও তাদের স্বজনদের মাধ্যমে দ্রুত উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।
এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। গ্রামবাসীর বক্তব্য মনোযোগ সহকারে শুনে ২৫ মার্চের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। ইউএনও বলেন, “অপরাধী যেই হোক, আইনের মাধ্যমেই তার বিচার নিশ্চিত করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”
তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। পাশাপাশি চুরি প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
ইউএনও সবাইকে সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবারের কর্মকাণ্ডে গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছিল। এ প্রেক্ষাপটে ছাত্র-যুবক ও প্রবাসীদের উদ্যোগে একটি “চোর নির্মূল কমিটি” গঠন করা হয়েছে। তাদের দাবি, ২৫ মার্চের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল না; বরং আকস্মিকভাবে ঘটেছে।
গ্রামবাসীরা আরও জানান, প্রশাসনের সহযোগিতা কামনায় ২৬ মার্চ বিকেলে মোহাম্মদ বাজারে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউএনওর সরেজমিন পরিদর্শনে আসায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে তারা প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন। মাদক, চুরি ও অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টরা শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। পরিদর্শনকালে এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।