জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ
জাউয়াবাজার(ছাতক)প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় বোকা নদীর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছে জাতীয় নদী রক্ষা কমিশনের একটি প্রতিনিধিদল। সোমবার সকাল ১১টার দিকে কমিশনের পরিচালক (উপসচিব) খোকন কান্তি শাহার নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোম্যাসি চাকমা, কমিশনের সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) আশরাফুল হক এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নাহিদ ইসলাম।
পরিদর্শনকালে নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখা হয় এবং অবৈধ দখল, ময়লা-আবর্জনা ফেলা ও পরিবেশ দূষণের বিষয়গুলো সরাসরি পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কর্মকর্তারা।
এ সময় সংশ্লিষ্টদের দ্রুত বর্জ্য অপসারণ, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নদীর তীর দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।
পরিদর্শনকালে জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মিয়া ও ইউপি সদস্য আব্দুল কদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং দখল-দূষণ রোধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।