
ছাতকে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১৫
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি-নোয়াগাঁও এলাকায় সড়কে মাটি ভরাট কাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার অভিযোগের ভিত্তিতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযোগকারীদের বসতবাড়িতে হামলার ঘটনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানান। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে নুর আলী, রহমত আলী, আহমদ আলী, জুয়েল, রুয়েল, কিরণ মিয়া, কাওসার আহমদ, আকরাম আলী, লিয়াকত আলী, রফিক মিয়া, উকিল মিয়া ও জুনেদসহ আরও কয়েকজন রয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের বক্তব্য পাওয়া যায়নি। তবে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনার খবর পেয়েছেন এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।