
সুনামগঞ্জের জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
পরিদর্শনকালে তিনি স্থানটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোতালেবসহ হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুর রহমান আসাদ, লন্ডন প্রবাসী তফজ্জুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ উজ্জ্বল মিয়া, বর্তমান কোষাধ্যক্ষ সুয়েব আহমদ, সাদ মিয়া, আতিকুর রহমান তালুকদার, সবুজ আহমদ, হাবিবুর রহমান এবং যুবদল নেতা হোসাইন আহমদ।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সংশ্লিষ্টদের সঙ্গে সম্ভাব্য হাইওয়ে থানার কার্যক্রম ও প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি জানান, জয়কলস হাইওয়ে থানার নতুন ভবন নির্মাণকাজ অতি দ্রুত শুরু হবে।
স্থানীয়দের প্রত্যাশা, জাউয়া বাজারে হাইওয়ে থানার নিজস্ব ভবন স্থাপিত হলে সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে, মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ আরও সক্ষমতা অর্জন করবে।