
সৌদি দূতাবাসের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে ৪র্থ জাউয়ার বাজারের আমাতুল বারি নাযিরা, পেল ৬০ হাজার টাকা পুরস্কার
ছাতক প্রতিনিধি: সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত ২০২৬ সালের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের কৃতী সন্তান আমাতুল বারি নাযিরা। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে ৪র্থ স্থান অর্জন করে সে পুরস্কার হিসেবে পেয়েছে নগদ ৬০ হাজার টাকা।
আমাতুল বারি নাযিরা লক্ষমসোম গ্রামের হাফিজ মাওলানা আকবর আলীর মেয়ে। সে সিলেটের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহর শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ের এমন মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে চতুর্থ স্থান অর্জন করায় তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। তার এ সাফল্যে গর্বিত জাউয়া বাজার ইউনিয়নসহ ছাতকবাসী।
কুরআনের আলোয় আলোকিত হয়ে জাতীয় পর্যায়ে এমন অর্জন নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাতুল বারি নাযিরার এ সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও কুরআন শিক্ষায় অনুপ্রাণিত করবে বলে আশা করছেন স্থানীয়রা।
তার উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সাফল্য কামনা করেছেন পরিবারের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।