
জাউয়া বাজারে ফলের দোকানে চুরি, উধাও ৮ কেজি আঙ্গুর
পলিথিন কেটে দোকান থেকে আঙ্গুর চুরি, বারবার এমন ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা
জাউয়া বাজার প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে শাহিন ফল ভান্ডার থেকে রাতের আঁধারে ৮ কেজি আঙ্গুর চুরির ঘটনা ঘটেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন আশপাশের ব্যবসায়ীরা।
জানা যায়, শনিবার রাতে দোকানে রাখা প্রায় ৮ কেজি আঙ্গুর চুরি হয়। রোববার সকালে শাহিন মিয়ার ভাতিজা দোকান খুলতে এসে দেখেন, সারিতে সাজিয়ে রাখা আঙ্গুরগুলো নেই। বিষয়টি জানাজানি হলে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় শাহিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, দোকানের পলিথিন কেটে এ ধরনের চুরির ঘটনা এর আগেও কয়েকবার ঘটেছে। বারবার এমন ঘটনায় ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে এ ধরনের চুরির ঘটনা ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে। তারা চুরির ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রাতের বেলায় বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
বাজারের ব্যবসায়ীদের প্রশ্ন—এভাবে চলতে থাকলে নিরাপদে ব্যবসা করবেন কীভাবে?